৭ দিনে আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

Untitled_design_21_1200x630

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী সাত দিনের মধ্যে রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক পরিদর্শন করা হবে। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের লক্ষ্য বন্ধ করা নয়। কাউকে শাস্তি দেওয়াও নয়। মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দেওয়া। আমাদের পরিদর্শনের উদ্দেশ্য হলো মানুষ যেন ভালো স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমরা এখন আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সাত দিনের মধ্যে আমরা এই এলাকার সব ক্লিনিক পরিদর্শন করব। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, ব্যবস্থা নেওয়ার অর্থ কাউকে শাস্তি দেওয়া বা বন্ধ করে দেওয়া নয়। যেখানেই (পরিষেবার মানের) উন্নতির সুযোগ থাকবে, সেখানেই তা উন্নত করা হবে। যদি কোনো গাফিলতি থাকে, সেক্ষেত্রে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও মত দেন যে, পরিদর্শন শুরু হলে বাকি প্রতিষ্ঠানগুলো সতর্কতামূলক ব্যবস্থা নেবে।

Description of image