ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে ১২ জন আহত

Untitled_design_-_2026-03-14T112316.942_1200x630

ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সকালে মাধবপুর গ্রামে ওহিদুলের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীরা প্রশিক্ষণ শুরু করেন। প্রশিক্ষণ শেষে তাদের ওই বাড়িতে ইফতার পার্টি করার কথা ছিল। সকাল ১১টার দিকে জামায়াতের মহিলা কর্মীদের প্রশিক্ষণের খবর পেয়ে বিএনপি নেতা তরু মুন্সি, তার ছেলে শিপন মুন্সি, হোসেন আলী, শহিদুল ইসলাম, নায়েব আলী, আব্দুল খালেক ও আকবর আলীসহ আরও কয়েকজন ঘটনাস্থলে যান এবং প্রশিক্ষণ বন্ধ করতে বলেন। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় বেতাই পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, গতকাল মাধবপুর গ্রামে ওহিদুলের বাড়িতে প্রশিক্ষণের জন্য জামায়াতের মহিলা কর্মীরা জড়ো হন। তাদের জড়ো হতে দেখে পার্শ্ববর্তী ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন কারণ জানতে চান। তর্ক-বিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিএনপি ও জামায়াতের বেশ কয়েকজন কর্মী ও সমর্থক আহত হন। এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, “জামায়াত ও বিএনপি’র মধ্যে মারামারির খবর পাওয়া গেছে। উত্তেজনা প্রশমন এবং সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Description of image