জামালপুরে স্বামীকে গাছে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড
আড়াই বছর আগে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুর সদরের একটি আদালত। এছাড়াও, প্রত্যেককে এক লক্ষ টাকা জরিমানা এবং একজনকে খালাস দেওয়া হয়েছে। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম গতকাল বুধবার (১১ মার্চ) বিকেলে এই রায় দেন।
আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনসুর আলী এবং একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় আসামি স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে। ঘটনার পরের দিন ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আদালত আসামিদের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে তাদের অনুপস্থিতিতে খালাস দেন। এছাড়াও, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

