হরমুজ প্রণালীর উপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’। গতকাল মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ এই ঘোষণা দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেছেন যে, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যেকোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিবৃতিতে আকবরজাদেহ স্পষ্ট করে বলেছেন যে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণরূপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর নিয়ন্ত্রণে। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে, মার্কিন নৌবাহিনী গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী তেল ট্যাঙ্কারগুলিকে সুরক্ষার জন্য এসকর্ট করতে প্রস্তুত।
এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায়, মার্কিন যুক্তরাষ্ট্র তার অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। ওয়াশিংটন দূতাবাসের অপ্রয়োজনীয় কর্মকর্তা এবং তাদের পরিবারকে সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস ত্যাগের অনুমতি দিয়েছে।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে কুর্দি নেতাদের সাথে মার্কিন আলোচনার খবরও পাওয়া গেছে। হরমুজ প্রণালী বন্ধের হুমকি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তাকে গুরুতর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল।
