ইয়েমেনি হামলার কারণে ইসরায়েলের বিমানবন্দর বন্ধ

Untitled design - 2025-10-05T173654.795

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে যে, ইয়েমেনি-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) প্রতিহত করেছে। হামলার পর ইসরায়েল বেন গুরিওন বিমানবন্দর বন্ধ করে দিয়েছে।
এদিকে হুথিরা জানিয়েছে যে, গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন যে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর, ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রোধ করেছে। তবে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বেন গুরিওন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরান-সমর্থিত হুথিরা প্রায়শই ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বাহিনী প্রতিহত করেছে, কিন্তু গত মাসে হুথিদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে পর্যটন শহর ইলাতে আঘাত হানে, যার ফলে ২২ জন আহত হয়।

Description of image