রাজধানীতে শপিং ব্যাগ থেকে তরুণীর মাথা ও হাত উদ্ধার
রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকা থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর খণ্ডবিখণ্ড মাথা ও হাত উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খালের একটি কালভার্টের নিচে আবর্জনার স্তূপ থেকে এগুলো উদ্ধার করা হয়।
সবুজবাগ পুলিশ জানিয়েছে, সকাল ৮টার দিকে খবর পেয়ে মাদারটেক বাগানবাড়ি খালের কালভার্টের নিচে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ওই তরুণীর খণ্ডবিখণ্ড মাথা ও হাত উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর।
সবুজবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) নূর আলম সিদ্দিকী জানান, উদ্ধারকৃত অংশগুলো ছাড়া দেহের বাকি অংশ এখনও পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারের জন্য আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে সিআইডি ফরেনসিক দলকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত খণ্ডাংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই তরুণীকে অন্য কোথাও হত্যা করে তার পরিচয় ও লাশ লুকানোর জন্য দেহটি খণ্ড খণ্ড করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

