কর্ণফুলী মোহনায় আটকে পড়া জাহাজ উদ্ধার

Untitled design (48)

বন্দর চ্যানেলে একটি লাল বয়ার সঙ্গে ধাক্কা লেগে কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) রাতভর উদ্ধার অভিযানের পর জাহাজটি ব্রাভো অ্যাঙ্করেজে নোঙর করে।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রিফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, উদ্ধার অভিযানে চট্টগ্রাম বন্দরের টাগবোট কান্দারি-২, কান্দারি-৪, কান্দারি-৬ ও কান্দারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগবোট ‘শিবশা’ এবং বাংলাদেশ কোস্টগার্ডের টাগবোট ‘প্রমাতা’ অংশ নেয়।
বন্দর সূত্রে জানা গেছে, মাল্টার পতাকাবাহী জাহাজটি চীনের শিকৌ বন্দর থেকে ১,২৮২ টিইইউ (২০-ফুট সমতুল্য ইউনিট) কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় জাহাজটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে কর্ণফুলী মোহনার সংলগ্ন প্রতিরক্ষা প্রাচীরে আটকে যায়।
জাহাজটিতে ২৪ জন নাবিক ছিলেন। সোমবার বিকেলে জাহাজটি আটকে যাওয়ার পর বন্দর কর্তৃপক্ষ একটি সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর কর্তৃপক্ষ চ্যানেলটিকে স্বাভাবিক ও সচল রেখে গভীর রাতে জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়। এতে জাহাজের নাবিকরা স্বস্তি পান। এই উদ্ধার অভিযানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Description of image