ছেলের আঘাতে গ্রাম্য পুলিশের মৃত্যু
কুষ্টিয়া জেলার দৌলতপুরে বাবা-ছেলের তর্কাতর্কির জেরে ছেলের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক গ্রাম্য পুলিশ মারা গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চারুইকুন্ডি এলাকায়।
মৃত বানেজ উদ্দিন ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তার ছেলে রাজিব মহিষ বিক্রি করে বাবার কাছে টাকা চেয়েছিল। কিন্তু বানেজ উদ্দিন টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
এক পর্যায়ে রাজিব হাতে থাকা টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

