টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

Untitled design (9)

টাঙ্গাইলের দুটি পৃথক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ জুলাই) বিকেলে টাঙ্গাইল সিনিয়র জেলা ও দায়রা জজ এবং বিশেষ জজ আদালতের বিচারপতি এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন ভুঁইয়াপুর উপজেলার গরবাড়ি গ্রামের মফিজুল হকের ছেলে নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নি গ্রামের সোহরাব হোসেন।
প্রথম মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১৮ জুন টাঙ্গাইলের ভুঁইয়াপুরের আম পাড়া এলাকায় মেহেদী মুস্তফা রাজিবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর টাঙ্গাইল সিনিয়র জেলা ও দায়রা জজ মামলার অভিযুক্ত নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সাথে অভিযুক্তকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দ্বিতীয় মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২১ সালের ৫ মে দেলদুয়ারে মা হাজেরা বেগম ও মেয়ে নাসরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় হাজেরা বেগমের ছেলে মোশাররফ হোসেন বাদী হিসেবে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে টাঙ্গাইল বিশেষ জজ আদালতের বিচারক মামলার অভিযুক্ত সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দেন। সে সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকেই খালাস দেওয়া হয়।

Description of image