চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Untitled design - 2026-07-20T162229.974

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২০ জুলাই) সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলায় এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ১৬ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে হাসানের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করা হয়। তদন্তের পর পুলিশ হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের পর আদালত আজ এই রায় ঘোষণা করে।
এদিকে, চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র অভিযুক্ত আবুল হোসেনকেও আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগরের গোয়ালপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুনসহ আরও কয়েকজন মাঠে সবজি তুলতে গিয়েছিলেন। সে সময় এক ব্যক্তি শিশুটিকে কৌশলে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করে। এই ঘটনায় শিশুটির পরিবার একটি মামলা দায়ের করে। তদন্তের পর পুলিশ আবুলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। এরপর অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এছাড়া, রাষ্ট্রপক্ষের আইনজীবী এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Description of image