বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত

Untitled design - 2026-07-15T125414.422

ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সের-শার্লি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রে ফেরার পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু এবং কৌশলগত সহযোগিতা আরও প্রসারিত করতে চায়।
গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) ফ্রান্সের বাস্তিল ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফরাসি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর কাতারে ফিরে এসেছে। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় অঙ্গীকারে প্যারিসও মুগ্ধ। তিনি বলেন, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠিয়েছেন। ফ্রান্স ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে যোগাযোগ বাড়াতে চায়।
বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা তৈরিতে ফরাসি উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে প্রায় ২ বিলিয়ন ইউরো ঋণ দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সংস্থাটির ৮০ শতাংশেরও বেশি প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত। তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অবাধ নৌচলাচল ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ফ্রান্স বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে। এছাড়া, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং সামুদ্রিক সংরক্ষণে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

Description of image