জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Untitled design (19)

ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১২ জুলাই) সচিবালয়ে দেশের আটটি বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য, ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী এবং গর্ভবতী নারীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও জোর দেন।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তারেক রহমান বলেন, “আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন কোনো অসাধু গোষ্ঠী দুর্যোগ পরিস্থিতির সুযোগ নিয়ে চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হয়।” তিনি ত্রাণ বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দেন। এদিকে, চট্টগ্রামে জলাবদ্ধতার পরিস্থিতির উন্নতি হলেও মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সিলেটে মনু নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

Description of image