ইরানের হাতে নিহত হলে কী করা হবে, জানালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হাতে নিহত হলে কীভাবে জবাব দেওয়া হবে, সে বিষয়ে তিনি ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছেন। তিনি দাবি করেন, এমন ঘটনা ঘটলে ইরানের ওপর নজিরবিহীন সামরিক হামলা চালানো হবে।
মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার কিছু হলে, তাদের ওপর এমন মাত্রার বোমা হামলা চালানো হবে যা তারা আগে কখনো দেখেনি।” ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে, ইরান তাকে হত্যার জন্য নতুন পরিকল্পনা করেছে।
তবে, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরেই ইরানের লক্ষ্যবস্তু। তার কথায়, “আমি দীর্ঘদিন ধরে তাদের তালিকায় আছি। আমাদের এই বিষয়টি মোকাবেলা করতে হবে।”
তিনি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে সাম্প্রতিক ব্যানার প্রদর্শনের কথাও উল্লেখ করেন। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরান বহু বছর ধরে তাকে হত্যা করার চেষ্টা করছে। সাক্ষাৎকারের শেষে ট্রাম্প বলেন, ‘আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করছেন।’
এদিকে, সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে যে ইরান সম্প্রতি ট্রাম্পকে হত্যার জন্য একটি সম্ভাব্য নতুন পরিকল্পনা তৈরি করেছে। এই বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হুমকি সম্পর্কে বিভিন্ন গোয়েন্দা তথ্য পেয়ে আসছে। তবে, ইসরায়েল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যকে নতুন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই ধরনের গোয়েন্দা তথ্য প্রকাশ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা
