ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled design (24)

জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’-এ যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর করছেন। এই সফরকালে মন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করবেন।
এ বছরের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিং-এ উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃরাষ্ট্রীয় চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। তিনি সম্মেলনের একটি পার্শ্ব অনুষ্ঠান হিসেবে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের নৈশভোজেও যোগ দেবেন।
নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে, শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জঁ-পিয়ের লাক্রোয়া এবং রাজনৈতিক ও শান্তি নির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথেও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এই বৈঠকগুলোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য যে, মন্ত্রী দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) এই সম্মেলনে ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য মন্ত্রী আজ রবিবার (৫ জুলাই) ভোর ১:৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামী ১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Description of image