ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৫৯৫ হয়েছে
সম্প্রতি উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,৬৪৫ হয়েছে। আহত হয়েছেন অন্তত ১২,৬৬৬ জন। দেশটির সরকার জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও চলছে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্যোগের পর থেকে ৬,৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সমর্থনে ৮৬,০০০-এরও বেশি পরিবারকে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে বলে আনাদোলু এজেন্সি জানিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ৮৮৫টি ভবন বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি কাঠামো সম্পূর্ণরূপে ধসে পড়েছে, যা ক্ষতির পরিমাণকে আরও গুরুতর করে তুলেছে। উদ্ধার অভিযানে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ৩,৩০০-এরও বেশি উদ্ধারকর্মী বর্তমানে কাজ করছেন। এছাড়াও, কারাকাস প্রশাসন ত্রাণ বিতরণ এবং উদ্ধার অভিযান জোরদার করতে প্রায় ৩০,০০০ কর্মী মোতায়েন করেছে।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ২৪শে জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭.৫ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইয়ারাকুই রাজ্যের ইউমারের দক্ষিণ-পূর্বে, আর ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সান ফেলিপে শহরের উত্তর-পূর্বে।
এদিকে, কর্তৃপক্ষের মতে, মূল ভূমিকম্পের পর থেকে ৮৯০টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ফলে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও আতঙ্ক বিরাজ করছে এবং উদ্ধারকর্মীরা সতর্কতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।

