স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হবে জানালেন প্রতিমন্ত্রী

Untitled design (6)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, পাঁচ স্তরীয় স্থানীয় সরকার নির্বাচন অক্টোবর-নভেম্বর মাস থেকে শুরু হতে পারে। তিনি বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তবে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে, তা বাংলাদেশ নির্বাচন কমিশন নির্ধারণ করবে।
গতকাল শুক্রবার (৩ জুলাই) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের অনুমোদিত বাজেটে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।
এর আগে, তিনি সমতলভূমিতে বসবাসকারী অনগ্রসর ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এ সময় মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সরকার সমাজের সকল স্তরের মানুষকে উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে। অনগ্রসর ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
পরে, প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও দুর্দশাগ্রস্ত মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ সময় তিনি বলেন, একটি মানবিক রাষ্ট্র গঠনে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এরপর প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের নির্মাণকাজ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য আধুনিক ও মানসম্মত আবাসন নিশ্চিত করা গেলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাবসহ অন্যান্যরা।

Description of image