বিবিসি প্রতিবেদন: ভেনিজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের বালককে জীবিত উদ্ধার

Untitled design (54)

ভেনিজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ক্লেইবার মোরান। দেশটির অন্তর্বর্তী সরকারের নেতারা তার এই অলৌকিক উদ্ধারকে আশার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ আজ বুধবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জর্ডানের একটি উদ্ধারকারী দল জানিয়েছে, লা গুয়াইরা রাজ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন। দেশটির উপরাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ বলেছেন, এই দুর্যোগের মাঝে উদ্ধার অভিযানের সাফল্য একটি “আশার মুহূর্ত”।
জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উদ্ধারের পরপরই শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেছেন, তিনি রাজধানী কারাকাসে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারের জন্য সবচেয়ে সংকটপূর্ণ সময়। সেই হিসেবে, ছয় দিন পর শিশুটির বেঁচে থাকা অত্যন্ত বিরল এবং অলৌকিক।
মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩
গত সপ্তাহে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৯৪৩ জন নিহত হয়েছেন। ১০,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও, হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন মহাকাশ সংস্থা নাসার একটি প্রাথমিক স্যাটেলাইট-ভিত্তিক মূল্যায়ন অনুসারে, ভূমিকম্পে প্রায় ৫৮,৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে থাকতে পারে। হাজার হাজার মানুষ খাদ্য ও আশ্রয় সংকটে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) সতর্ক করেছে যে ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় হাজার হাজার মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের প্রয়োজন। সংস্থাটি জানিয়েছে যে লা গুয়াইরায় খাদ্য সংকট ব্যাপক আকার ধারণ করেছে। মৌলিক পরিষেবাগুলো ভেঙে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রাণ বিতরণ ব্যাহত হওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনাও বাড়ছে।
আহত স্থানীয় বাসিন্দা ১৮ বছর বয়সী দানিয়েলা আরমাস এএফপিকে বলেন, যদিও কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে, তা যথেষ্ট নয়। খাবারের জন্য মানুষ মাঝে মাঝে মারামারিতে জড়িয়ে পড়ছে। ইউএনএইচসিআর জানিয়েছে, আগামী ছয় মাসে ক্ষতিগ্রস্ত ৩০,০০০ মানুষের জন্য জরুরি ত্রাণ, সুরক্ষা এবং অস্থায়ী আশ্রয় প্রদানের জন্য দেড় কোটি ডলারের সহায়তা প্রয়োজন।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে যে ভেনিজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে চরম চাপের মধ্যে রয়েছে। সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সতর্ক করেছেন যে হামসহ টিকা-প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। তবে, সময় গড়ানোর সাথে সাথে কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে গেলেও, ক্লেবার মোরানের অলৌকিক উদ্ধার ক্ষতিগ্রস্ত মানুষদের নতুন আশা দিয়েছে।

Description of image