জার্মানির স্টাডে শহরে গোলাগুলিতে ৬ জন নিহত, ৩ জন গ্রেপ্তার
জার্মানির লোয়ার স্যাক্সনির স্টাডে শহরে একটি মা ও শিশু আশ্রয়কেন্দ্রে গোলাগুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, স্টাডে শহরের জনসাধারণের জন্য এখন আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
গতকাল সোমবার (২৯ জুন) দুপুর নাগাদ পশ্চিম জার্মানির লোয়ার স্যাক্সনি প্রদেশের স্টাডে শহরে এই হামলাটি ঘটে। এই ঘটনা জার্মানিকে হতবাক করেছে। পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে, ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ, স্বাস্থ্যকর্মী এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। স্টাডে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য কোনো হুমকি নেই।
এদিকে, পুলিশ এখনও নিহত এবং আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি। লোয়ার স্যাক্সনি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে যে, হামলার কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট নির্ধারণের জন্য একটি তদন্ত চলছে। এছাড়াও, স্টুড পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন চ্যাট গ্রুপে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্য সম্পর্কে সতর্ক করেছে। পুলিশের মতে, অনলাইনে প্রচারিত অনেক তথ্যের সঙ্গেই পুলিশের নিশ্চিত করা তথ্যের মিল নেই। তারা সবাইকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য, ভয়েস মেসেজ বা গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছে। পুলিশের মতে, এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং তদন্ত ও আইন প্রয়োগকারী কার্যক্রমকে ব্যাহত করতে পারে।

