বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান
ইরান বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, যেকোনো উস্কানির জবাব আরও বেশি শক্তি দিয়ে দেওয়া হবে। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়তি আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, বাহরাইনকে তার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে, নিজের ভাগ্য নিয়ে জুয়া না খেলতে এবং ইরানকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করার জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক মার্কিন হামলার জবাবে ইরান গত শুক্রবার (২৬ জুন) এবং শনিবার (২৭ জুন) বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তবে, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো বরাবরই ইরানের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এদিকে, বাহরাইনের রাজধানী মানামা সাম্প্রতিক ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, এ ধরনের কর্মকাণ্ড বাহরাইনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং এই অঞ্চলে উত্তেজনা হ্রাস ও স্থিতিশীলতা বজায় রাখার সুযোগকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে।
উল্লেখ্য যে, বাহরাইনে একটি উল্লেখযোগ্য সংখ্যক শিয়া জনগোষ্ঠী রয়েছে। বাহরাইন প্রশাসন সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সাথে গোপন সামরিক সম্পর্ক ও সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজন নাগরিককে গ্রেপ্তার করেছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

সূত্র: আল জাজিরা।
