রামিসা হত্যা মামলা: সাজাপ্রাপ্ত আসামির পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ

Untitled design - 2026-06-25T154656.011

শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া আজ বৃহস্পতিবার (২৫ জুন) এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কিছু প্রক্রিয়া এখনও বাকি আছে। এগুলো সম্পন্ন হওয়ার পরেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হবে। আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, তিনি রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের নথি পর্যালোচনা করে আসামির পক্ষে আইনি লড়াই লড়বেন।
এর আগে, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেয়। গত ৭ জুন ঢাকার কিশোর অপরাধ প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর দুই অভিযুক্তকে মৃত্যুদণ্ড সেলে পাঠানো হয়। মৃত্যুদণ্ড সেল থেকে তারা এই রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।

Description of image