ময়মনসিংহে বজ্রপাতে দুজনের মৃত্যু

Untitled design - 2026-06-25T155340.344

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক বজ্রপাতে এক কলেজছাত্রীসহ দুজনের মৃত্যু হয়েছে। পৃথক বজ্রপাতে নিহত হয়েছেন তুলি রানী সেন (১৬) ও আব্দুল খালেক (৫৮)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম গ্রাম এবং কালাধ ইউনিয়নের নিজপাড়া গ্রামে।
নিহত তুলি রানী সেন দেবগ্রাম গ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অপরজন নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)। পারিবারিক সূত্রে জানা গেছে, তুলি সন্ধ্যায় তার বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। সে সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে তার আত্মীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন আব্দুল খালেক। স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।

Description of image