ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

Untitled design - 2026-06-25T154137.884

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের যুবক মুকুল মালিক হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের মুকুল মল্লিকের স্ত্রী ফিরোজা খাতুন, হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর গ্রামের মিঠু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও মনোয়ার হোসেনের ছেলে আলমগীর হোসেন (পলাতক)।
অন্যদিকে, একই মামলার অভিযুক্ত ফারুক হোসেন ও মাসুদ রানা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে সাজাপ্রাপ্ত অভিযুক্ত ফিরোজা খাতুনের সঙ্গে মুকুল মালিকের বিবাদ হয়। ওই রাতে মুকুল বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরে ১৩ আগস্ট গোপীনাথপুর গ্রামের বাঘমারা ক্ষেতের একটি গর্ত থেকে মাটিতে পুঁতে রাখা তার মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহতের বাবা আবদুর রশিদ বিশ্বাস বাদী হিসেবে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রায়ে আদালত সাজাপ্রাপ্ত অভিযুক্তদের সাজা পূর্বের কারাদণ্ডের সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে খালাসপ্রাপ্ত অভিযুক্তদের জামিনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

Description of image