নরসিংদীতে রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Untitled design - 2026-06-24T154414.484

নরসিংদীতে রেললাইন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ জুন) শহরের তরোয়া এলাকা থেকে রেললাইনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আজ সকালে তরোয়া মাজার এলাকায় রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। তবে, মৃত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া জানান, ওই ব্যক্তি দুই থেকে তিন মাস ধরে মাজার এলাকায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি রাতে মাজারের কাছেই ঘুমাতেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন।
এ প্রসঙ্গে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের আনুমানিক বয়স ৪৫ বছর। ধারণা করা হচ্ছে, ভোররাতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। শনাক্তকরণের জন্য পিবিআইকে জানানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Description of image