রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Untitled design - 2026-06-22T154229.956

রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ,মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করা হবে, যাতে চলমান মানবিক সংকটের মূল কারণ ও তার প্রভাব মোকাবিলা করা যায়।
আনোয়ার ইব্রাহিম বলেন, আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা বাংলাদেশ ও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশা নিরসনে কাজ করব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, গবেষণা এবং নতুন প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ওপর জোর দেওয়া উচিত, যা ভবিষ্যতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
তিনি বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও বাড়ানো উচিত। যদিও কৃষি অন্যতম প্রধান খাত হিসেবে রয়েছে, এখন আমাদের জ্বালানি, সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি এবং উন্নত প্রযুক্তি উৎপাদন শিল্পের মতো নতুন ক্ষেত্রগুলোতে মনোযোগ দিতে হবে।
এছাড়াও, সংবাদ সম্মেলনে দুই দেশ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়েও একমত হয়েছে। বিশেষ করে, গাজায় ফিলিস্তিনিদের চলমান মানবিক দুর্ভোগের অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয় এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। একই সাথে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়েও নিজেদের অবস্থান ব্যক্ত করা হয়।
এছাড়াও, দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক সহযোগিতা’ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত ও বিনিময় হয়। পাশাপাশি, সন্ত্রাসবাদ-বিরোধী গবেষণা এবং বিনিয়োগ সম্প্রসারণ ও সহায়তা বিষয়ে দুটি নোট বিনিময় (ইওএন) সম্পন্ন হয়। উভয় পক্ষ বলেছে যে, এই উদ্যোগগুলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল, ঘনিষ্ঠ এবং পারস্পরিকভাবে লাভজনক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Description of image