বগুড়ার দুটি ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Untitled design (56)

বগুড়ার নবগঠিত দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসককে ডেকে সেগুলোর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন দুটি হলো ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। নাম পরিবর্তনের জন্য নতুন করে গণশুনানি অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস ও ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচয়কে গুরুত্ব দিয়ে আবারও গণশুনানি অনুষ্ঠিত হবে।’
১১ জুন বগুড়া জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে শিবগঞ্জ উপজেলার ৫টি এবং নবগঠিত মোকামতলা উপজেলার ৮টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। ১৪ জুন গেজেটটি প্রকাশিত হওয়ার পরপরই নামকরণের বিষয়টি তীব্র সমালোচনার মুখে পড়ে।
অভিযোগ ছিল যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম ক্ষমতার অপব্যবহার করে তাঁর পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করেছেন। মোকামতলা উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’, যা প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের হুবহু অনুরূপ। এছাড়া, প্রতিমন্ত্রীর পৈতৃক নিবাসের নামে শিবগঞ্জ উপজেলায় গঠিত একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ি ইউনিয়ন’।
সরকারি নামকরণে এই ধরনের পারিবারিক প্রভাব বিস্তারের বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী স্বয়ং সুশাসন ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে এই বিতর্কিত নামগুলো পরিবর্তনের সরাসরি নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে যে, সামগ্রিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই ইউনিয়নগুলোর নতুন নাম চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।

Description of image