ঝিনাইদহে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

Untitled design (26)

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় এক অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে কালিগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা এলাকার বিশ্বজিৎ কর্মকার, কালিগঞ্জ উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার আব্দুল আল মামুন এবং রাকরা গ্রামের সোবহান খান। ওসি জালাল হোসেন সংবাদ সম্মেলনে বলেন, কিছুদিন আগে কালিগঞ্জ এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর চোর চক্রকে শনাক্ত করতে এবং চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করতে পুলিশ মাঠে নামে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১২ জুন) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
ওসি আরও জানান, অভিযান চলাকালে কালিগঞ্জের নিমতলা এলাকা থেকে ২টি, নারিকেলবাড়িয়া এলাকা থেকে ২টি এবং গাজির বাজার এলাকা থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Description of image