গোপালগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত
গোপালগঞ্জে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ জনু) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিন লাইন ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা (৩৫) ফরিদপুর জেলার নগরকন্দ উপজেলার আবদুস সাত্তারের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে কাভার্ড ভ্যানটির হেলপার মাসুদ রানা গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।
স্থানীয় লোকজন, দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক করা হয়।

