আদিতমারীতে তুচ্ছ ঘটনায় যুবক খুন

Untitled design (82)

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি তুচ্ছ ঘটনায় লিয়াকত আলী লাদেন (১৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (৮ জুন) রাতে উপজেলার সরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই হামলাটি ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সরপুকুর ইউনিয়নের বালাতারী গ্রামের আশরাফুলের ছেলে। সে একটি স্থানীয় মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বি একটি সামান্য বিবাদকে কেন্দ্র করে লিয়াকত আলী লাদেনকে গাঁজাখোর বলে গালিগালাজ করে। এতে লাদেন ক্ষিপ্ত হয়ে রাব্বিকে চড় মারে। রাব্বি তার পরিবারকে বিষয়টি জানালে তার বাবা ও বড় ভাই রকি ক্ষিপ্ত হয়ে লাদেনকে মারতে চেষ্টা করে। যা স্থানীয়রা সঙ্গে সঙ্গে থামিয়ে দেয়। পরে, রাত ৮টার দিকে লাদেন কাছের সরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একা বসে ছিল। অভিযোগ, রাব্বির বড় ভাই রকি পেছন থেকে লাদেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবরটি ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা অভিযুক্ত রকির বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদিতমরী থানা ঘটনাস্থলে যায়। আদিতমরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Description of image