ব্রাহ্মণবাড়িয়ায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

Untitled design (65)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের কবরস্থানে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে নুরু মিয়া (৬৫) এবং মারজু মিয়ার ছেলে সানাউল্লাহ (১৮)।
জানা গেছে, নেয়ামতপুর গ্রামের প্রয়াত মতি সরকারের স্ত্রীর দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কিছু যুবক ও গ্রামবাসী অংশ নেন। এক পর্যায়ে কবরস্থানের পাশে একটি স্টিলের শিট সরানোর সময় তারা একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “আমরা নেয়ামতপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।”

Description of image