মায়ের কোল থেকে শিশুর ছিটকে পড়া, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ২ জনের

Untitled design (43)

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা আঁখি খাতুন আহত হন। গতকাল রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে দশুরিয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার কুলদী এলাকার জাহিদ হাসানের ছেলে আলিফ হাসান (৮) এবং আতাইকুলা থানার শ্রীকাল এলাকার বাশার শেখের ছেলে বাকি বিল্লাহ (৩৫)। অন্যদিকে, আহত আঁখি খাতুন (৩০) জাহিদ হাসানের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, আঁখি তার সন্তান আলিফকে নিয়ে একটি অটোরিকশায় রূপপুর থেকে দশুরিয়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে কোলেরকান্দি নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ফলে শিশু আলিফ আঁখির কোল থেকে রাস্তায় পড়ে যায়। পরে মোটরসাইকেল আরোহী বাকি বিল্লাহ শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। ফলে শিশু আলিফ ও মোটরসাইকেল আরোহী বাকি বিল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় শিশুটির মা আঁখি খাতুন পাকা রাস্তায় পড়ে আহত হন।
পাখশী হাইওয়ে থানার ওসি নান্নু খান জানান, খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পাখশী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। গৃহবধূ আঁখি খাতুনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

Description of image