এবার ভুল করলে যুক্তরাষ্ট্রকে ‘কঠোর শাস্তি’ দেবে ইরান

Untitled design (32)

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরান বলছে, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র যদি আগ্রাসন চালায়, তবে তাদের জবাব হবে আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কঠোর।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দুই দেশের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকের ইঙ্গিত থাকা সত্ত্বেও তেহরান আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা এর আগেও বলেছে যে, তারা ট্রিগারে হাত রেখেই আলোচনায় বসবে। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে যে, যুক্তরাষ্ট্র এবং ‘জায়নবাদী শাসন’ ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও অতীতের কর্মকাণ্ড বিবেচনায় রেখে তারা সর্বদা পূর্ণ সতর্ক অবস্থায় থাকে।
একটি সামরিক সূত্র তাসনিমকে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র যদি আবারও ভুল হিসাব করে এবং ইরানের বিরুদ্ধে কোনো ‘অপরাধমূলক’ পদক্ষেপ নেয়, তবে তারা ‘ইরানের তৃতীয় পর্যায়ের সংঘাতের’ মুখোমুখি হবে। সূত্রটি দাবি করেছে যে, এই নতুন ধরনের সংঘাত কৌশল, সামরিক পদ্ধতি, লক্ষ্য এবং ব্যবহৃত সরঞ্জামের দিক থেকে আগের দুটি যুদ্ধ থেকে সম্পূর্ণ ভিন্ন হবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি। পরে তেহরান থেকেও ইতিবাচক সংকেত পাওয়া গেছে। ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ করা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে ইরান সম্মত হয়েছে।

Description of image