মার্কিন-ইরান চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতানিয়াহু

Untitled design (19)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আসন্ন ইরান-মার্কিন চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী চুক্তিটির দুটি নির্দিষ্ট দিক—লেবানন ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত করা—নিয়ে আপত্তি জানিয়েছেন। এই তথ্য ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান নিশ্চিত করেছে।
অ্যাক্সিওসের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিতব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর বিধান রাখা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ের স্থায়ী অবসানের প্রস্তাব করা হয়েছে। তবে, চুক্তিতে বলা হয়েছে যে, হিজবুল্লাহ যদি কোনো ধরনের উস্কানি দেয় বা নতুন কোনো হামলা চালায়, তাহলে ইসরায়েলের পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার থাকবে। নেতানিয়াহুর প্রধান উদ্বেগ হলো, চুক্তিতে উল্লেখিত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের মূল আলোচনা এখনই শুরু হচ্ছে না। বরং, ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই পক্ষগুলো পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা করতে আলোচনায় বসবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন যে, এখন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অগ্রাধিকার না দিয়ে এবং বিষয়টি পরবর্তী আলোচনার জন্য ফেলে রাখলে আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

Description of image

সূত্র: টাইমস অফ ইসরায়েল।