গাজীপুরে তালাবদ্ধ বাড়ি থেকে গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার
গাজীপুর মহানগরের কোনাবাড়ির একটি তালাবদ্ধ বাড়ি থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) এবং বাড়ির তত্ত্বাবধায়ক রোমানকে (২৭) আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কোনাবাড়ি থানার নতুন বাজার নিউ মার্কেট এলাকার টিনশেড কলোনিতে রাজুর বাড়িতে। মৃত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারী পট্টি এলাকার আইয়ুব আলীর মেয়ে। তিনি স্বামী মো. বাবুর সঙ্গে কোনাবাড়ির ওই ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় রাজুর বাড়ির টিনশেড কলোনির একটি ঘর থেকে তীব্র পোড়া গন্ধ আসতে শুরু করে। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় এলাকার বাসিন্দাদের সন্দেহ হয়। পরে কয়েকজন স্থানীয় বাসিন্দা টিনের বেড়া ভেঙে বাড়িতে ঢুকে মেঝেতে ফারজানা আক্তারের দগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন।
তখন এক স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোনাবাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল থেকে এক বোতল কেরোসিন তেলও উদ্ধার করেছে।
এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, ফারজানা আক্তার নামের এক গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো যাবে।

