র‌্যাবের নাম পরিবর্তনের কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled design (100)

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার র‌্যাবের নাম পরিবর্তন করে এলিট ফোর্স করা অথবা একটি নতুন বাহিনী গঠনের কথা ভাবছে। তিনি বলেন, নতুন নামে বা নতুন কাঠামোতে এলিট ফোর্সটি গঠন করা হলে যুক্তরাষ্ট্র র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পারে।
আজ সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই আইনটি বাহিনীটির কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।
তিনি বলেন, যদিও র‌্যাব বর্তমানে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন আইনের অধীনে পরিচালিত হচ্ছে, এভাবে একটি এলিট ফোর্স পরিচালনা করা ঠিক নয়। তাই একটি পৃথক আইন প্রণয়ন করা হবে। তিনি বলেন, আমরা র‌্যাবের নাম পরিবর্তন করব নাকি একটি নতুন এলিট ফোর্স গঠন করব, তা এখনও বিবেচনাধীন। তবে যা-ই হোক, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র‌্যাবের সাতজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র‌্যাব প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে, কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না। তিনি বলেন, সে সময় পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি—কোনো প্রতিষ্ঠানই ক্ষতির ঊর্ধ্বে ছিল না। শেখ হাসিনার সরকার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিল।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন আইন প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাবের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি আইন নিয়ে কাজ করছে এবং তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন। এই আইনে বাহিনীটির দায়িত্ব, ক্ষমতা এবং জবাবদিহিতার কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হবে। র‌্যাব বিলুপ্ত করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে একটি এলিট ফোর্সের অবশ্যই প্রয়োজন হবে। তাদের সরঞ্জাম, রসদ, প্রশিক্ষণ এবং অন্যান্য সক্ষমতা বজায় রাখা হবে।”

Description of image