সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি – প্রতিরক্ষা উপদেষ্টা

Untitled design (91)

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম বলেছেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) গণমাধ্যমকে বিষয়টি জানায়। পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়।
এ সময় তাকে জাহাজ নির্মাণ ও মেরামত সক্ষমতা, আধুনিক কারিগরি সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জানানো হয়। পরে তিনি ডকইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থাপনা, ওয়ার্কশপ, উৎপাদন এলাকা, মেরামত সুবিধা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, জাতীয় নিরাপত্তা, নৌ শক্তি ও সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য দেশীয় নৌ শিল্পের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়িয়ে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডকে একটি আধুনিক, কার্যকর ও উন্নত নৌ শিল্প প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। তিনি উল্লেখ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি।
তিনি ডকইয়ার্ডের প্রতিটি কার্যক্রমে গুণগত মান, সময়ানুবর্তিতা, কারিগরি দক্ষতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি সৃষ্টি এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এই প্রতিষ্ঠানের সক্ষমতাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, দেশীয় সম্পদ, দেশীয় দক্ষতা এবং দেশীয় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে হবে।
প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড শুধু একটি জাহাজ নির্মাণ ও মেরামত প্রতিষ্ঠান নয়; এটি দেশের সামুদ্রিক সক্ষমতা, প্রতিরক্ষা প্রস্তুতি এবং আত্মনির্ভরশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই এর প্রতিটি প্রকল্প, উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রম অবশ্যই জাতীয় স্বার্থে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি ডকইয়ার্ডে কর্মরত কর্মকর্তা, প্রকৌশলী, কারিগরি জনবল ও কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা এবং দক্ষতার প্রশংসা করেন। একই সাথে তিনি সবাইকে দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা এবং দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে ভবিষ্যতে দেশের নৌ ও সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধিতে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ড. এ কে এম শামসুল ইসলাম বলেন, প্রতিরক্ষা খাতে জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড একটি শক্তিশালী সহায়ক প্রতিষ্ঠান হিসেবে আরও বিকশিত হবে। এজন্য তিনি চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Description of image