১০টি জেলায় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস, নদী বন্দরগুলোতে সতর্কতা

Untitled design (15)

দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বইতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়াও, পূর্বাভাসে বলা হয়েছে যে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে, সর্বোচ্চ ৯৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

Description of image