যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, আরও ৪১ জন নিহত

Untitled design (80)

দক্ষিণ লেবাননে সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর ফলে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১-এ দাঁড়িয়েছে। আল জাজিরা এ খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার (২ মে) নতুন এই হামলায় গত ২৪ ঘণ্টায় মোট মৃতের সংখ্যা ৪১-এ পৌঁছেছে। এ বছর ২ মার্চ থেকে মোট মৃতের সংখ্যা ২,৬৫৯-এ পৌঁছেছে এবং ৮,১৮৩ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, নাবাতিয়া জেলার শাওকিন শহরে একটি ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। এর আগে, কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় দুজন নিহত হন। লোয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় আরও তিনজন নিহত হন। এছাড়াও, শাওকিন গ্রামে আরেকটি হামলায় দুজন নিহত হয়েছেন বলে এনএনএ জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী নাবাতিয়াহ শহরের আল-কুদস সংযোগস্থলের কাছে একটি বিমান হামলা চালিয়েছে এবং যুদ্ধবিমানগুলো টায়ার জেলার সিদ্দিকিন শহরেও হামলা চালিয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও দখলদার বাহিনী বারবার তা লঙ্ঘন করেছে। ইসরায়েল দাবি করে যে তাদের হামলাগুলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে চালানো হয়। তবে, তাদের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

Description of image