জামালপুরে সন্ধ্যা ৬টার পর দোকান খোলা রাখায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Untitled design (60)

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান ও শপিং মল খোলা রাখায় জামালপুরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার (১ মে) রাতে শহরের শহীদ হারুন রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রমতে, বিদ্যুৎ ও শক্তি সাশ্রয়ের জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার পর দোকান ও শপিং মল বন্ধ থাকার কথা থাকলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান তা অমান্য করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতটি চালানো হয়।
অভিযান চলাকালে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে একটি জুতার দোকান ২,০০০ টাকা, একটি হার্ডওয়্যারের দোকান ২,০০০ টাকা এবং একটি মোবাইল ফোনের দোকান ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বলেন, “সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, বিদ্যুৎ অপচয় রোধ এবং শহরাঞ্চলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

Description of image