সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে চোরাই মাল উদ্ধার, ৩ জন গ্রেপ্তার

Untitled design (14)

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণ সামগ্রী (স্ক্র্যাপ) চুরির ঘটনায় চোরাই মাল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ পুলিশ। এই ঘটনায় আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশিদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরউদ্দিন আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর ৬টার দিকে একটি দল মিনি ট্রাক ব্যবহার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেসমেন্ট-২ এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের ইঞ্জিনিয়ারিং উইং থেকে মূল্যবান নির্মাণ সামগ্রী (স্ক্র্যাপ) চুরি করে।
এই ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে গতকাল বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল এলাকা থেকে আল মামুন সরকার ও মো. মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বাড্ডা থানা এলাকা থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে নির্মাণ সামগ্রীর স্ক্র্যাপ বোঝাই ৪টি মিনি ট্রাক উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য এবং হাসপাতাল থেকে অব্যবহৃত নির্মাণ সামগ্রীর স্ক্র্যাপ চুরি করেছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Description of image