ঢাকা থেকে ইরানে যাচ্ছে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম
বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। এই সহায়তা ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদীর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে এই সহায়তা পাঠানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহতদের চিকিৎসা সহায়তা প্রদানের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা দান করেন।
এই সহায়তা প্রদানের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। তিনি আশা প্রকাশ করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকট শান্তিপূর্ণভাবে সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।
এই সহায়তা গ্রহণকালে, ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি সহানুভূতি ও আন্তরিক সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

