মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

Untitled design (30)

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাড়িতে একটি হাফকাট ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত করেছিলেন ট্রাক মালিক আশিকুর রহমান বাবু প্রামাণিক। সেই ডিজেলে ডুবে মারা যায় তার ছেলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরাফ প্রামাণিক (৩) নামের শিশুটি আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিকুর রহমান বাবু উপজেলার ধাপারহাট ইউনিয়নের পালনপাড়া গ্রামের একজন ট্রাক মালিক। তিনি তার গাড়ির জন্য একটি হাফকাট ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত করেছিলেন। এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরের দিকে আরাফ প্রামাণিক তার বাড়ির বারান্দায় খেলছিল। এক পর্যায়ে বারান্দায় রাখা প্লাস্টিকের কাটা ড্রাম থেকে শিশুটি ডিজেলে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে আরাফ প্রামাণিক মারা যায়।
এ প্রসঙ্গে ধাপীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, “ডিজেলে ডুবে আহত আরাফ প্রামাণিক নামের এক শিশু মারা গেছে। আজ সকালে শিশুটির মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।” ধাপীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, “আমি লোকজনের কাছ থেকে ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।”

Description of image