নওগাঁয় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা

Untitled design (3)

নওগাঁর নিয়ামতপুরে দুষ্কৃতিকারীদের হাতে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে। আজ সকাল ৮টার দিকে বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়রা নিয়ামতপুর পুলিশকে খবর দেন। নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন – বাহাদুরপুর গ্রামের নামির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছর বয়সী মেয়ে সাদিয়া আক্তার। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান যথারীতি রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে এক স্থানীয় বৃদ্ধা তাদের বাড়ির দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গিয়ে তারা হাবিব, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলাকাটা লাশ দেখতে পান।
বৃদ্ধার চিৎকার শুনে গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেন। পরে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। একই পরিবারের শিশুসহ চারজনের এই হত্যাকাণ্ড অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Description of image