চট্টগ্রামে একসাথে ১,৩০,৭২৪ পরীক্ষার্থীর লড়াই, শুরু হলো এসএসসি পরীক্ষা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১,৩০,৭২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ৫৬,৩৫১ জন ছাত্র এবং ৭৪,৩৭৩ জন ছাত্রী। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৩৪,৯৯১ জন বিজ্ঞান বিভাগ থেকে, ৪৩,৯৮৩ জন মানবিক বিভাগ থেকে এবং ৫১,৭৫০ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। এছাড়াও, চট্টগ্রাম, কক্সবাজার এবং তিনটি পার্বত্য জেলার ১,২১৮টি স্কুলের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে চট্টগ্রাম শহর ও জেলায় ৯২,৩৩৮ জন, কক্সবাজারে ১৮,৯২৪ জন, রাঙ্গামাটিতে ৭,৪১৭ জন, খাগড়াছড়িতে ৮,০৭১ জন এবং বান্দরবানে ৩,৮৭৪ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষা বোর্ড ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম মাঠে থাকবে। বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এবার পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম। এবার ২১৮টি কেন্দ্রে ১,২১৮টি স্কুলের ১ লাখেরও বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রধান নির্বাহীকে একটি চিঠি পাঠানো হয়েছে।

