ইঁদুর মারার বিষের প্যাকেটে ইয়াবা, ডিটারজেন্টে হেরোইন; জামালপুরে নারী গ্রেপ্তার

Untitled design

জামালপুর সদর উপজেলায় অভিনব উপায়ে মাদক বিক্রির অভিযোগে লক্ষী বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় শহরের পূর্ব কাঁচরিপাড়া এলাকায় এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার এসআই মো. খায়রুজ্জামানের নেতৃত্বে একটি দল পূর্ব কাঁচরিপাড়ার মেস্তা খানবাড়ি সংলগ্ন একটি গলিতে অভিযান চালায়। সে সময় লক্ষী বেগমকে গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তার হাতে থাকা ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতর থেকে প্রায় ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও, ইঁদুর মারার বিষের প্যাকেটের ভেতরে বিশেষভাবে লুকানো ১,৫০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা।
গ্রেপ্তার হওয়া লক্ষী বেগম ইসলামপুর উপজেলার বেপরিপাড়া গ্রামের মৃত বাবুল বেপরির মেয়ে। তিনি বর্তমানে জামালপুর শহরের পূর্ব কাঁচিপাড়ায় বসবাস করে মাদকের ব্যবসা চালাচ্ছিলেন। জামালপুর থানার এসআই মো. খায়রুজ্জামান বলেন, এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Description of image