বাড়িতে স্ত্রীকে হত্যা, দুদিন পর প্রতিবেশীকে জানানো স্বামী

Untitled design (27)

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাড়িতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় এক স্বামী। ঘটনার দুদিন পর প্রতিবেশীকে ফোন করে হত্যার খবর জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ঝর্ণা আক্তার (১৬) শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকার হামিদুল ইসলামের মেয়ে।
আজ রবিবার (১২ এপ্রিল) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ, নিহতের আত্মীয়স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কিশোরগঞ্জের হযরত আলীর ছেলে অপুর সঙ্গে ঝর্ণা আক্তারের বিয়ে হয়।
তারা শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় মাসুদ রানার একটি ভাড়া বাড়িতে থাকত। ৯ থেকে ১০ এপ্রিলের মধ্যে কোনো এক সময়ে তার স্বামী ঝর্ণা আক্তারকে বাড়ির ভেতরে হত্যা করে পালিয়ে যায়। গতকাল ১১ এপ্রিল রাতে অপু এক প্রতিবেশী মহিলাকে তার মোবাইল ফোনে ফোন করে তার স্ত্রীকে হত্যার খবর জানায়। পরে ওই মহিলা বাড়িতে গিয়ে বিষয়টি নিশ্চিত করলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে দুই থেকে তিন দিন আগেই হত্যা করা হয়েছে। হত্যার পর স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Description of image