গাইবান্ধা পাম্পে জ্বালানি নিয়ে বিবাদে ছুরিকাঘাত, আহত ৩
গাইবান্ধা পৌরসভার পলাশবাড়ী ফিলিং স্টেশনে জ্বালানি নিয়ে সামান্য বিবাদ থেকে তর্কাতর্কি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে ঘটে। ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার জন্য মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। লাইনে দাঁড়ানো নিয়ে রেজওয়ান নামের এক যুবকের সঙ্গে তার তর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা একটি ধারালো অস্ত্র বের করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে।
ঘটনাস্থলেই কাউসার, জাহিদ ও সিহাব নামের তিন যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সিহাবের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার আলম খান বলেন, ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, ঘটনার পর এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

