যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতে ঘোষিত অস্থায়ী যুদ্ধবিরতিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি হিসেবে বিবেচনা করে। এছাড়া, বাংলাদেশ আশা প্রকাশ করে যে, সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে সংশ্লিষ্ট সকল পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান করবে এবং একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে এটিকে গঠনমূলকভাবে ব্যবহার করবে।
এতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থনকারী সকল পক্ষের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়াও, বাংলাদেশ বিশ্বাস করে যে, সকল বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

