জাতিসংঘে নেতৃত্বের জন্য ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলাম জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের জন্য ইতালির সমর্থন চেয়েছেন। এদিকে, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন।
আজ বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
বাংলাদেশ-ইতালি সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। তারা বাণিজ্য ও বিনিয়োগ, চামড়া ও সিরামিক শিল্প, উৎপাদন, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, বেসরকারি খাতের সম্পৃক্ততা এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ইতালির ভূমিকার ওপর জোর দেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সভাপতিত্বের জন্য ইতালির সমর্থন চেয়েছেন। রাষ্ট্রদূত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার কর্মসূচির বিষয়ে ইতালির অবস্থান সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
প্রতিমন্ত্রী কার্যকর অভিবাসন ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতালি এবং অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সাথে অব্যাহত সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে নিয়মিত অভিবাসন পথ সম্প্রসারণের গুরুত্বের ওপর জোর দেন।
রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং তাঁর দেশে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবদানের কথা স্বীকার করেন। উভয় পক্ষ আইনি পথ, দক্ষতা বিনিময় এবং বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ শ্রম গতিশীলতার ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করার গুরুত্বের ওপর জোর দেয়।

