কুমিল্লা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় পূর্ব-ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মহাসড়কের পাদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।
এর আগে শ্রমিকরা ইপিজেড এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হয়েছিলেন। পরে তাঁরা রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লাইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

