তেলের আশায় পাম্পের পথে রাত কাটাচ্ছেন বাইকাররা

Untitled_design_-_2026-04-06T165404.554_1200x630

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকার হিলি ফিলিং স্টেশনে তেলের আশায় সারারাত অপেক্ষা করছেন শত শত মোটরসাইকেল আরোহী। সরবরাহ সীমিত হওয়ায় পাম্প এলাকায় উপচে পড়া ভিড় সামলাতে অনেক বাইকারকে রাস্তার পাশে রাত কাটাতে দেখা গেছে।
আজ সোমবার (৬ এপ্রিল) সকালে পাম্প এলাকায় হাজারেরও বেশি মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে গতকাল রবিবার সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ নিজেদের মোটরসাইকেল পাহারা দিতে রাস্তায় রাত কাটিয়েছেন। পাম্প সূত্রে জানা গেছে, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। সরবরাহ সীমিত হওয়ায় চালকদের তেল পেতে আগে থেকেই লাইনে দাঁড়াতে হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা বাইকারদের দুর্ভোগ বাড়ছে।
বাইকার সবুজ মিয়া বলেন, ‘আমি গতকাল (রবিবার) সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমাকে এখানেই রাত কাটাতে হয়েছে। জ্বালানি না পেলে আমরা কাজে যেতে পারব না, তাই অপেক্ষা করতে বাধ্য হচ্ছি।’ বাইকার মিজানুর রহমান বলেন, ‘এতক্ষণ অপেক্ষা করার পর মাত্র ৩০০ টাকায় জ্বালানি পাওয়া খুব কঠিন। অন্তত ১০০০ টাকার জ্বালানি দেওয়া হলে আমাদের জন্য ভালো হতো।’
রাব্বি, রাজু ও সোহেলসহ আরও কয়েকজন বাইকার বলেন, ‘আমরা দূর-দূরান্ত থেকে এসেছি এবং এতক্ষণ লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছি না। এতে আমাদের সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে।’ স্থানীয়দের মতে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ আরও বাড়তে পারে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Description of image